দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে আয়োজিত বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক অনুষ্ঠানকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। একই সঙ্গে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ছাত্রদল দাবি করে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠান চলাকালে ছাত্রশিবিরের ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী জোরপূর্বক প্রবেশ করে অনুষ্ঠান পণ্ড করার চেষ্টা করেন। এ সময় অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করা এবং ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ছাত্রদলের নেতাকর্মীরা বাধা দেন। পরে শিবিরের উসকানিমূলক আচরণের কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয় বলে দাবি সংগঠনটির।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ছাত্রশিবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তরের দাবির বিষয়টি সামনে আনছে। ছাত্রদলের দাবি, ওই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল ছাত্রদল ও অন্যান্য প্রগতিশীল ছাত্রসংগঠন, আর তখন এর বিরোধিতা করেছিল ছাত্রশিবির। টেন্ডার প্রক্রিয়া শেষ পর্যায়ে পৌঁছানোর পর তাদের সক্রিয়তা উন্নয়ন প্রকল্পে প্রভাব বিস্তার এবং জুলাই গণ-অভ্যুত্থানের স্মারক অনুষ্ঠানকে বিতর্কিত করার উদ্দেশ্যেই ছিল বলে অভিযোগ সংগঠনটির।
প্রেস বিজ্ঞপ্তিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রশিবিরের কর্মকাণ্ডের প্রসঙ্গও তুলে ধরে ছাত্রদল। সংগঠনটি দাবি করে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনাও একই পরিকল্পনার অংশ। পাশাপাশি জামায়াত-শিবিরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে বলা হয়, সাম্প্রতিক বিভিন্ন ঘটনার কারণে জনদৃষ্টি অন্যদিকে সরিয়ে নিতে তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াচ্ছে।
তবে ছাত্রদলের এসব অভিযোগের বিষয়ে ছাত্রশিবিরের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
প্রেস বিজ্ঞপ্তিতে ছাত্রদল জানায়, তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। তবে শিক্ষাঙ্গনে সন্ত্রাস, উসকানি ও বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে অতীতের মতো ভবিষ্যতেও কঠোর অবস্থানে থাকবে বলে সংগঠনটি উল্লেখ করেছে।
জে আই